বিশ্বকাপ চলাকালে প্রায় ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রে কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে আর্জেন্টিনা সরকার। সন্তানদের ভরণপোষণ না দেয়া এবং বিভিন্ন আইনি জটিলতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, জানিয়েছে দেশটির প্রশাসন।
বুয়েন্স আয়ার্স মেয়র হোর্হে মাক্রি বলেছেন, ‘যারা নিজেদের সন্তানদের ন্যূনতম দায়িত্ব পালন করতে ব্যর্থ, তাদের জন্য হাজার হাজার ডলার ব্যয় করে স্টেডিয়ামে খেলা উপভোগ করার সুযোগ থাকা উচিত নয়।’
আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যমতে, আদালতের নথি অনুযায়ী চিহ্নিত প্রায় ১৩ হাজার অভিভাবকের একটি বিশেষ তালিকা তৈরি করা হয়েছে। তালিকা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও অভিবাসন সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে।
বিশ্বকাপে স্টেডিয়ামে প্রবেশের জন্য বাধ্যতামূলক ডিজিটাল ফ্যান আইডি ব্যবস্থার সঙ্গে আর্জেন্টিনার নিরাপত্তা তথ্যভাণ্ডার সংযুক্ত করা হয়েছে। ফলে নিষিদ্ধ তালিকাভুক্ত কোন ব্যক্তি টিকিট কেনার চেষ্টা করলে কিংবা স্টেডিয়ামে প্রবেশের সময় পরিচয় যাচাইয়ের মুখোমুখি হলে স্বয়ংক্রিয়ভাবে তার প্রবেশাধিকার বাতিল হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞাটি স্থায়ী নয়। যেসব ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে সন্তানের বকেয়া ভরণপোষণের অর্থ পরিশোধ করবেন এবং আইনি বাধ্যবাধকতা পূরণ করবেন, তাদের নাম কালো তালিকা থেকে সরিয়ে নেয়া হবে। এরপর তারা বিশ্বকাপের ম্যাচে উপস্থিত থাকার অনুমতি পাবেন।
বুধবার সকাল ৭টায় শিরোপা ধরে রাখার অভিযানে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।







