এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে অনুশীলনে অকাল প্রয়াত সতীর্থ ডিয়েগো জোতার নাম লেখা রিস্টব্যান্ড পরেছেন পর্তুগালের খেলোয়াড়রা। ক্রিস্টিয়ানো রোনালদোদের দেশের প্রধানমন্ত্রী এ ব্যান্ড উপহার দিয়েছেন।
একবছর আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান জোতা। পর্তুগিজ দল স্মারক রিস্টব্যান্ডটি বিশ্বকাপজুড়ে পরবে। টুর্নামেন্টের জন্য রওনা হওয়ার আগে পর্তুগাল প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর পক্ষ থেকে এটি ছিল ব্যক্তিগত শুভ কামনা ও শোককে শক্তিতে রূপান্তর করতে অনুপ্রেরণাদায়ী উপহার।
মিডফিল্ডার ভিতিনহা ব্যান্ড নিয়ে বলেছেন, ‘এগুলো বিশেষভাবে ফিফার মাঠের নিয়মকানুন অনুযায়ী ডিজাইন করা হয়েছে। মূলত এ রিস্টব্যান্ডের গল্পটা হল, যখন আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাই, তিনি আমাদের এটি দেন।’
‘তারা নিশ্চিত করেছিল যে, এটি এমন একটি রিস্টব্যান্ড যা আমরা মাঠে পরতে পারব। এটি পরে মাঠে প্রবেশ করার জন্য প্রয়োজনীয় সমস্ত বৈশিষ্ট্য এতে রয়েছে। সাথে আছে সব খেলোয়াড়ের নাম এবং ডিয়েগো জোতার বিশেষ নাম।’
‘তিনি আমাদের বেছে নেয়ার সুযোগ দিয়েছিলেন যে, আমরা এটি ব্যবহার করতে চাই কিনা। জানতে চেয়েছিলেন কীভাবে ব্যবহার করব, দিনের বেলায় নাকি ম্যাচের সময় ব্যবহার করব। আমরা এটি অনেক ভালোবাসা দিয়ে গ্রহণ করি এবং এটি ব্যবহার করার সিদ্ধান্ত জানাই।’
জোতা দেশের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করেছেন। গত বছর ৩ জুলাই ভোরে স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়েতে তার গাড়ি দুর্ঘটনায় পড়ে। সেসময় গাড়িতে আগুন ধরে যায়। ২৮ বর্ষী তারকার সঙ্গে প্রাণ হারান ভাই আন্দ্রে সিলভাও।
‘কে’ গ্রুপে কলম্বিয়া, উজবেকিস্তান এবং কঙ্গোর বিপক্ষে খেলবে পর্তুগিজ দল। ১৭ তারিখ বাংলাদেশ সময় রাত ১০টায় কঙ্গোর বিপক্ষে যাত্রা শুরু করেবেন রোনালদোরা।







