জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা আশা করছেন বিশ্বকাপে তার সর্বোচ্চ গোলের রেকর্ডটি ভেঙে দেবেন লিওনেল মেসি। তার মতে, নর্থ আমেরিকায় চলতি আসরে আইকনিক রেকর্ডটি ভেঙে যাবে। আর্জেন্টাইন কিংবদন্তির রেকর্ডটি ছুঁতে প্রয়োজন আর ৩ গোল, ভাঙতে ৪টি।
জার্মানদের সাবেক স্ট্রাইকারের মতে, টুর্নামেন্ট সম্প্রসারিত করায় সেরা ফরোয়ার্ডদের জন্য তার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ খুব বেশি। যেখানে লিওনেল মেসি এবং কাইলিয়ান এমবাপে দৌড়ে এগিয়ে আছেন। ক্লোসা ২৪ ম্যাচে ১৬টি গোল করে বিশ্বকাপের সর্বোচ্চের শীর্ষে আছেন।
লিওনেল মেসি ২৬ ম্যাচে করেছেন ১৩ গোল, যা তাকে জাস্ট ফন্তেনের সঙ্গে তালিকার চারে রেখেছে। তিন গোলে করলে ক্লোসার সঙ্গে রেকর্ড ভাগাভাগি করবেন মহাতারকা। ১৪ ম্যাচে ১২ গোলে করে তালিকায় ছয়ে আছেন এমবাপে।
মাইলফলকটি ভেঙে যাওয়ার সম্ভাবনায় ৪৮ বর্ষী ক্লোসা বলছেন, ‘আশা করি এ টুর্নামেন্টে রেকর্ডটি ভাঙা হবে। দল সংখ্যা বেশি হওয়ায় ম্যাচের সংখ্যাও বেশি এবং ফলস্বরূপ গোল করার সুযোগও বেশি। আমি আশা করি আর্জেন্টিনা ও ফ্রান্স অনেকদূর যাবে। এটা সম্পূর্ণ ঠিক আছে, রেকর্ডটি তো শেষ পর্যন্ত ভাঙবেই, মেসি তা করতে পারেন। আমি মেসির একজন বিরাট ভক্ত, বরাবরই ছিলাম।’
‘মেসি একজন জিনিয়াস। আর আর্জেন্টাইন কোচ স্কালোনির প্রতিও আমার অনেক শ্রদ্ধা আছে। আমি লাসিওতে তার সাথে খেলেছি। তখন তিনি আমাকে শহর কিছুটা ঘুরিয়ে দেখিয়েছিলেন। তিনি আমরা ভালো বন্ধু।’
চলতি বিশ্বকাপে ‘জে’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে যাত্রা শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সব ঠিক থাকলে শুরু থেকেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে থাকবেন মেসি।







