দুই দুবার আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরে, ৯০ মিনিটের ম্যাচ টেনে অতিরিক্ত সময়ে নিয়েছে কেপ ভার্দে। ম্যাচজুড়ে বিশ্বচ্যাম্পিয়নদের বেশ চাপে রেখেছিল নবাগত দেশটি। শেষপর্যন্ত ভাগ্য সহায় হয়নি আফ্রিকার দলটির। হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। ততক্ষণে ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে তারা। দলের কোচ পেদ্রো লেইটাও ব্রিটো পরে মনে করিয়ে দেন, এখন আর অজানা নেই কেপ ভার্দে।
বিশ্বকাপে গ্রুপপর্বে শক্তিশালী স্পেন এবং সৌদি আরবের বিপক্ষে জাল সুরক্ষিত রেখে গোলশূন্য ড্র, উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে শেষ বত্রিশে এসেছিল কেপ ভার্দে। যেখানে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনার। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে। ৩-২ গোলে আর্জেন্টিনা জয় তুললে যে বীরত্ব থেমেছে।
পরে কোচ পেদ্রো বলেছেন, ‘আমাদের দেশ আসলে কী, তার জানান দিয়েছি। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দুবার সমতায় ফিরেছি, খেলা অতিরিক্ত সময় পর্যন্ত নিয়েছি, সবকিছুর ঊর্ধ্বে, খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আমাদের নিজস্ব সত্তার পরিচয় দিয়েছি।’







