ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথম ম্যাচটি আজ থিম্পুতে মাঠে গড়াবে। আগামী অক্টোবরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের আগে দুদলের জন্যই এটিকে ভালো প্রস্তুতি হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।
বুধবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে দুই ম্যাচের প্রথমটি। এরপর আগামী শনিবার হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাঘিনীদের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমাদের প্রস্তুতি বেশ ভালো। নতুন কোচের অধীনে আমরা প্রায় ৫ মাসের মতো অনুশীলন করেছি। চাইনিজ তাইপের সঙ্গে দুটি ম্যাচও খেলেছি। আমাদের মূল লক্ষ্যই আগামী সাফকে ঘিরে। দুই দলের জন্যই সাফের আগে দুটি ম্যাচ ভালো প্রস্তুতি হবে।’
দুই বছর আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। সেই খেলায় হ্যাটট্রিক করেছিলেন সাবিনা। টুর্নামেন্টের ৮ গোল করে হয়েছিলেন সর্বাধিক গোলদাতা। সেই সুখস্মৃতি নিয়েও কথা বলেন বাংলাদেশ অধিনায়ক।
‘আমি ওই টুর্নামেন্টের সেরা গোলদাতা। সেমিফাইনালে গোল সংখ্যা বাড়িয়ে নিয়ে নিজের অবস্থান করতে চেয়েছিলাম। ভুটানের সঙ্গে খেলার অভিজ্ঞতাটা আমার ভালো লাগে এবং আমাকে উজ্জীবিত করে।’
তবে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দলীয় অর্জনটাই বাংলার মেয়েদের অধিনায়কের কাছে মুখ্য, ‘সেটি সাফ জানালেন। বললেন, গোল করার মতো গোল করানোটাও আমাকে আনন্দ দেয়। সবমিলিয়ে এখান থেকে ভালো পারফরম্যান্স দল যেন করতে পারে সেটাই আমাদের চাওয়া।’








