‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ মানেই দুরন্ত গতি আর রোমাঞ্চ। চোখ ধাঁধানো গতির খেলা আর দারুণ অ্যাকশনের জন্য জনপ্রিয় হয়ে ওঠা এ সিরিজের সবগুলো ছবিই বক্স অফিস মাত করেছে। দেখতে দেখতে ইতোমধ্যেই নয়টি সিক্যুয়াল পার করে ফেলেছে ছবিটি। দশম কিস্তি নিয়েও চলছে জোর প্রস্তুতি।
কথা ছিল, ২০২৩ সালের ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আসন্ন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১০’ছবিটি। তবে শেষমেষ পিছিয়েছে ছবিটির মুক্তি তারিখ।
দ্য হলিউড রিপোর্টার এর সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এপ্রিলে নয় বরং ১৯ মে মুক্তি পাবে ছবিটি। যদিও আসন্ন ছবিটির মুক্তির তারিখ পেছানোর সঠিক কারণ সম্পর্কে জানা যায়নি।
এদিকে ডমেনিক টরেটো চরিত্র নিয়ে ভিন ডিজেলের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির মহা কাহিনি শেষ হয়ে যাবে আর মাত্র একটি সিরিজ পরেই! অর্থাৎ এর ১১তম সিরিজেই শেষ হওয়ার বিষয়টি চূড়ান্ত।
‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ এর চূড়ান্ত দুটি পর্ব পরিচালনাও করবেন জাস্টিন লিন। যিনি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৯’ ছবিটি ছাড়াও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির প্রথম চারটি সিরিজ পরিচালনা করেছিলেন।







