ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত একটিভিস্ট, মডেল ও সমাজকর্মী ফারজানা সিঁথি।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।
ফরম নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে সিঁথি জানান, শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তুলে ধরবেন। নড়াইল-২ আসনের জন্য ফরম নিয়েছেন এবং দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
যশোরের বাসিন্দা ফারজানা সিঁথি এর আগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী।
২০২৪ সালের আগস্টে রাজধানীর শাহবাগে একটি ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক আলোচনায় আসেন।
তার এই রাজনৈতিক অঙ্গনে প্রবেশের সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।







