হৃদরোগে আক্রান্তের পর হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ। রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে পর্যবেক্ষণে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
বিসিবি সূত্রে খবর, রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হন ফারুক। দ্রুত হাসপাতালে নেয়ার পর হার্টে একটি ব্লক ধরা পড়ে। এনজিওগ্রাম সম্পন্ন করে হার্টে রিং পরানো হয়।
বর্তমানে সিসিইউতে থাকলেও শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে তার। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার স্থানান্তর করা হতে পারে কেবিনে।
গতবছর পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর বিসিবির সভাপতির পদে বসেছিলেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক। গত মেতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন তিনি।
খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন ফারুক। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। পরে বিসিবির প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।








