অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার পর থেকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে কেউ কেউ সমালোচনার পাশাপাশি মিথ্যা তথ্য ছড়াচ্ছেন- এমন অভিযোগ করেছেন ফারুকী নিজেও।
বিশেষ করে ২০১৩ সালে ‘শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে’ বলে ফেসবুক পোস্টের স্ক্রিনশট ভাইরাল হওয়া নিয়ে সবচেয়ে বেশী সমালোচিত হচ্ছেন তিনি। এই স্ক্রিনশট নিয়ে ফারুকীর দাবি, ‘এটা ডাহা মিথ্যা কথা।’
অতীত সময়ে ফারুকীর অবস্থান নিয়ে সাম্প্রতিক সমালোচনার বিষয়গুলো এড়িয়ে না গিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন ফারুকী। এরমধ্যে একাধিক ফেসবুক পোস্টে বিষয়গুলো নিয়ে লিখেছেন তিনি। বৃহস্পতিবার রাতেও এ নিয়ে আরো একটি পোস্ট করেন ফারুকী।
ফারুকী এদিন লিখেন,“বহু ডিজিটাল কার্ড এবং ফেইক স্ক্রিনশট ঘুরছে যেখানে দাবী করা হচ্ছে আমি নাকি ২০১৩ সালে বলেছি- “শাপলা চত্বর জন্জাল মুক্ত হয়েছে”। ডাহা মিথ্যা কথা। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি, মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছিনা! ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আমার ছবি দিয়ে কিছু কিছু ফেইক উইকিপিডিয়া স্ক্রিনশটও ঘুরছে। প্লিজ ইগনোর অল দিজ।”
এসময় ফারুকী জানান,“আমার আপন দুই ভাই মাদ্রাসায় পড়েছে। আমি সাধারণ মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করবো? মাদ্রাসার ছাত্র কেনো কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করবো? আমিতো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছড়ানোরও তো একটা মাত্রা থাকে।”
কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই করার অনুরোধ জানিয়ে ফারুকী এদিন লিখেন,“আমার প্রযোজনায় আমার ছোট ভাই কিবরিয়া পরিচালনা করেছিলো “আব্দুল্লাহ” যেখানে দেখানো হয়েছে কেবল মাত্র মাদ্রাসায় পড়ার কারণে একটা ছেলেকে আমাদের সো-কলড প্রগতিশীল সমাজে কিরকম স্টিগমা ফেস করতে হয়। বোরখা স্টিগমাটাইজ করা নিয়ে বহুবার লিখেছি। সবার প্রতি অনুরোধ, দয়া করে সব কিছু বিশ্বাস করার আগে একটু কষ্ট করে যাচাই করে নিন।”
এদিকে সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর গত সোমবার প্রথম অফিস করেন ফারুকী। সংস্কৃতি অঙ্গনে পরিবর্তন আনতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী কী কী পরিকল্পনা রয়েছে, সেসব বিষয়ে এদিন কথা বলেন তিনি।
দায়িত্ব পাওয়া সংস্কৃতি অঙ্গন নিয়ে এদিন তিনি বলেন,“আমরা আমাদের কাজটা এনজয় করছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজের শুরুটা করতে পারবো যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে আট বিভাগীয় শহরে একটা নবতরঙ্গ শুরু করতে পারবো।”
ফারুকী বলেন,“পারবো জুলাই ন্যারেটিভ নির্মাণ করতে, ১৫ বছরের দুঃশাসনের এক্সরে রিপোর্ট তৈরি করতে। সো লেটস নট ওয়েস্ট আওয়ার এনার্জি বিহাইন্ড হেইট্রেড!”








