ভারতের উত্তর প্রদেশের মেইনপুরী জেলায় এক কৃষকের স্ত্রীর ব্যাংক হিসাবে হঠাৎ প্রায় ১০ কোটি রুপি জমা পড়ার পরও তা থেকে এক টাকাও না তুলে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিষয়টি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, বিচওয়ান এলাকার দেবগঞ্জ গ্রামের বাসিন্দা পরসবন বাহেলিয়ার স্ত্রী রীতা পরিবার নিয়ে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। নবরাত্রির অষ্টমীর দিন (অষ্টমী) তিনি স্থানীয় একটি ব্যাংকে টাকা তুলতে যান, কিন্তু শাখাটি বন্ধ থাকায় পাশের একটি এটিএম বুথে গিয়ে ব্যালেন্স চেক করেন।
এসময় তিনি অবাক হয়ে দেখেন, তার ব্যাংক হিসাবে জমা রয়েছে ৯ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ৫৮৮ রুপি, যা প্রায় ১০ কোটি টাকার সমান। বিষয়টি নিশ্চিত হতে তিনি অন্য একটি এটিএম থেকেও ব্যালেন্স চেক করেন এবং স্ক্রিনের একটি ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
তবে অ্যাকাউন্টে এত বড় অঙ্কের টাকা দেখালেও রীতা সেখান থেকে কোনো টাকা তোলার চেষ্টা করেননি। এমনকি পরিবারের সদস্যদেরও তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত কেউ যেন ওই টাকা স্পর্শ না করে। তার এই সততায় প্রতিবেশী ও স্থানীয়রা তাকে সাধুবাদ জানিয়েছেন।
পরবর্তীতে রীতা ও তার পরিবার বিষয়টি জানাতে ব্যাংকে গেলে সেদিন সরকারি ছুটির কারণে শাখাটি বন্ধ ছিল। পরে ব্যাংক অব ইন্ডিয়ার করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক ঋষিকান্ত পাণ্ডে জানান, এটি সম্ভবত কোনো কারিগরি ত্রুটি বা লেনদেনজনিত সমস্যার কারণে হয়েছে। শাখা খোলার পর বিষয়টি তদন্ত করে সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এ ঘটনা ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই রীতার সততার প্রশংসা করছেন, কারণ এমন সুযোগ থাকা সত্ত্বেও তিনি টাকার অপব্যবহার করেননি।








