‘সংসার ভেঙেছে’ ধর্মেন্দ্র-হেমা মালিনী কন্যা এশা দেওলের! গেল কয়েক সপ্তাহ ধরে এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। যদিও শুরুতে এশা কিংবা তার স্বামী ভরত কেউই এ প্রসঙ্গে মুখ খুলেননি।
তবে শেষমেশ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এই দম্পতির তরফে একটি অফিসিয়াল বিবৃতি এসেছে সামনে। যেখানে লেখা ছিল ‘সৌহার্দ্যপূর্ণভাবে’ দুজনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু কী কারণে ভেঙে গেল এশা-ভরতের দীর্ঘ এক যুগের সংসার? শোনা যাচ্ছে, এশার স্বামী ভরত নাকি পরকীয়ার সম্পর্কে জড়ান। বেঙ্গালুরুতে প্রেমিকার সঙ্গে একই বাসায় থাকছেন। সেই কারণে নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এশা।
যদিও বিচ্ছেদের খবর সিলমোহর দিয়ে দিল্লি টাইমস্কে এশা ও ভরত বলেন, ‘‘আমার যৌথসম্মতিতে শান্তিপূর্ণ ভাবে আলাদা হয়েছি। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান। এই সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব।’’
এর আগে ২০২০ সালে একটি বই লিখেছিলেন এশা। যার নাম ছিল ‘Amma Mia: Stories, Advice and Recipes’। যেখানে তিনি ফুটিয়ে তুলেছিলেন নিজেদের অভিভাবকত্বের সফর। আর সেই বইতেই অভিনেত্রী লিখেছিলে কীভাবে ২০১৯ সালে তাদের দ্বিতীয় সন্তানের জন্মের পর ‘অবহেলিত’ বোধ করেছিলেন তার স্বামী ভরত।
বইয়ে লেখা হয়, ‘আমার দ্বিতীয় সন্তানের পরে, অল্প সময়ের মধ্যে আমি লক্ষ্য করি যে, ভরত আমার সঙ্গে খামখেয়ালি আচরণ করছে, যেন সে বিরক্ত। আসলে ও অনুভব করেছিল যে, আমি তাকে যথেষ্ট মনোযোগ দিচ্ছি না। একজন স্বামীর পক্ষে এইরকম অনুভব করাটা খুবই স্বাভাবিক কারণ সেই সময় আমি রাধ্যার প্লে স্কুলের এবং মীরাকে খাওয়ানো নিয়েই ব্যস্ত থাকতাম। সঙ্গে চলছিল আমার বই লেখা ও আমার প্রযোজনা সংস্থার একাধিক মিটিং। আমি ধীরে ধীরে নিজের ত্রুটি বুঝতে পারি। আমার কাছে ভরত একটা নতুন ব্রাশ চেয়েছিল, আর সেটা আমার মাথা থেকেই বেরিয়ে যায়, কখনও আবার ওর জামা আয়রন করা হয়নি তো কখনও খাবার ছাড়াই অফিসে চলে গেছে, আমি খেয়ালও করিনি। যদিও এগুলোকে খুব জলদিই শুধরে নিয়েছিলাম।’ তবে কি দ্বিতীয় সন্তানের জন্ম হতেই তাদের বৈবাহিক জীবনে সুখের ভাটা পড়েছিল?
জানা গেছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি ইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এশাকে। এমনকি অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তার স্বামীর। তারপরই মূলত এই বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়।
২০১২ সালের জুন মাসে হিরা ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তার দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম।
সূত্র: বলিউড শাদিস








