ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিতে গত নভেম্বরে আগ্রহ প্রকাশ করেছে ক্লাবটির মালিকপক্ষ গ্রেজার্স পরিবার। মাসের শুরুর দিকে কাতারের ধনকুবের ইউনাইটেড কিনতে চাইলে আগ্রহ দেখায় আরও দুই পক্ষ। যার প্রভাবে দাম বাড়ছে। ৬০ হাজার কোটি টাকায় কাতারের আমির ইউনাইটেড কিনতে চাইলেও এখন গুণতে হবে ৭৫ হাজার কোটি টাকা।
ইউনাইটেড কেনার জন্য এরমধ্যেই তিনটি বিড জমা পড়েছে। স্যার জিম র্যাটক্লিফের আইএনইওএস, কাতারি ব্যাংকার শেখ জসিম বিন হামাদ আল থানি এবং আমেরিকান হেজ ফান্ড, এলিয়ট দরপত্র জমা দিয়েছে।
নতুন খবর, গ্রেজার্সরা ৬০০ কোটি পাউন্ড বা ৭৫ হাজার কোটি টাকার কমে ক্লাবটি বিক্রি করতে আগ্রহী নয়। এই অর্থ পরিশোধের পরই কেবল মালিকানা হস্তান্তর সম্ভব বলে জানিয়েছে তারা।
আইএনইওএস ও এলিয়ট আবার ক্লাবটির পূর্ণ মালিকানা কিনতে আগ্রহী নয়, তবে বেশির ভাগ শেয়ার কিনতে চায়। অন্যদিকে শেখ জসিম প্রিমিয়ার লিগের জায়ান্টদের শতভাগ শেয়ার কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করেন।
গ্রেজার্স পরিবার ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কোনো তাড়াহুড়ো করবে না। প্রয়োজনে তারা সকল বিড প্রত্যাখ্যান করবে, যদি উপযুক্ত বলে বিবেচিত না হয়।
দীর্ঘ সময় ধরে কোনো শিরোপার দেখা পাচ্ছে না রেড ডেভিল দলটি। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল ২০০৮ সালে। পরে আর বলার মতো সাফল্য নেই।
ইউনাইটেডের এমন হতাশার পারফরম্যান্সের কারণ হিসেবে মালিকপক্ষকে দুষছেন সমর্থকরা। দেড়শ বছরেরও বেশি পুরনো ক্লাবটির ঐতিহ্য ফিরিয়ে আনতে গ্রেজার্স পরিবারের কাছ থেকে মুক্তি চান তারা। ওল্ড ট্রাফোর্ডে আন্দোলন পর্যন্ত করেছে রেড ডেভিলপ্রেমী গ্রুপ।








