দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ হিসেবে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলেই এই কার্যক্রম শুরু হবে। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠানো হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
মন্ত্রী জানান, যেসব এলাকায় হামের সংক্রমণ বেশি, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে প্রথমে টিকাদান শুরু করা হবে। গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে হামের রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ভেন্টিলেটর ও শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সারা দেশের স্বাস্থ্যকর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই টিকার আওতায় আসবে। পাশাপাশি হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।







