নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে: ওবায়দুল কাদের

নেতা কাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে বক্তব্য দিচ্ছেন, তিনি বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ
সংবিধান বহাল রেখেই আগামী জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পছন্দ না হলে কারো জন্য নির্বাচন আটকে থাকবে না। আগামী নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে। বিএনপিকে উদ্দেশ্য করে ‘মিস করলে পিছিয়ে পড়বেন’ বলেও জানান তিনি।
রোববার ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মহাসড়কে থ্রি হুইলার বন্ধ ও সড়কে নিরাপত্তায় আইনের প্রয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও সড়ক রক্ষায় ওয়েট কন্ট্রোলের উপর জোর দেন।
২৮ অক্টোবর বিএনপির ঢাকা অবরোধ কর্মসূচি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অবরোধ আর দখলের হুমকি দিয়ে বিএনপির সেই খায়েশ পূরণ হবে না। জ্বালাও, পোড়াওয়ের হুমকি আসছে। এ থেকে পরিত্রাণ পেতে একজনই আছেন তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
এর আগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টিতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে।






