লিগ শিরোপার আশা ধরে রাখতে রিয়াল মাদ্রিদের সঙ্গে জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার। আশা জাগানিয়া ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে হেরে শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে কাতালুনিয়ার দলটি। দুই দফায় এগিয়ে গিয়ে দারুণ সম্ভাবনা জাগালেও রিয়ালের শেষ মুহূর্তের গোলে হার নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। এমন হারের পর লা লিগার প্রযুক্তি নিয়ে বেশ অসন্তুষ্ট স্পেনিয়ার্ড কোচ।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে এল ক্ল্যাসিকোয় রিয়ালের সঙ্গে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। টেবিলে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচে দুদফা এগিয়ে যায় বার্সা, কিন্তু জুড বেলিংহ্যামের যোগ করা সময়ের গোলে হেরে যায় জাভির দল।
২৮ মিনিটে কর্নার থেকে লামিন ইয়ামালের টোকা কোনোমতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রে লুনিন। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি গোললাইন পেরিয়েছিল কিনা। যে কারণে গোলও দেয়া হয়নি।
ম্যাচ শেষে লা লিগার মতো টুর্নামেন্টে গোললাইন প্রযুক্তি না থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাভি। বলেছেন, ‘গোললাইন প্রযুক্তি না থাকাটা অস্বস্তিকর। আমরা যদি এটিকে বিশ্বসেরা লিগে পরিণত করতে চাই, তাহলে এটা লাগবেই।’
সংবাদ সম্মেলনে গোললাইন প্রযুক্তি না থাকাকে নিজেদের জন্য অবিচার মন্তব্য করেন বার্সা কোচ, ‘সবাই দেখেছে, কী হয়েছে। আমি আর কী বলব? লিগ কর্তৃপক্ষ আমাকে শাস্তি দিতে পারে। কিন্তু ছবি তো আছে। আজ মনে হচ্ছে আমরা পুরোপুরি অবিচারের শিকার হয়েছি। ম্যাচের আগে বলেছিলাম, আশা করি রেফারিং নিয়ে ভাবতে হবে না এবং তিনি সঠিক সিদ্ধান্তই দেবেন। কিন্তু দিন শেষে কোনোটাই ঘটেনি।’
বার্সা গোলকিপার টের স্টেগেন বলেছেন, ‘গোললাইনে কী ঘটেছে, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এটা ফুটবলের জন্যই অস্বস্তিকর। এখানে এত এত টাকা, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, সেটার জন্যই নেই। বুঝতে পারছি না, যে প্রযুক্তি অন্যান্য লিগে আছে, আমরা কেনো সেটা নিতে পারছি না।’
শেষ হতে চলা ২০২৩-২৪ মৌসুমে বার্সেলোনার পাওয়ার আর তেমন কিছুই নেই। স্প্যানিশ সুপার কাপ, কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছে জাভির দল। এবার লা লিগা জয়ের দৌড়েও ছিটকে পড়েছে।
৩২ ম্যাচে ২৫ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৮১। সমান ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আছে জিরোনা।








