ফুটবলপ্রেমীরা আবারো দেখতে চলেছেন এল ক্ল্যাসিকো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বছরের প্রথম এল ক্ল্যাসিকো নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ের উত্তাপ মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। ম্যাচের আগে অবশ্য উত্তাপে যেন জলই ঢাললেন জায়ান্ট ক্লাব দুটির কোচ। প্রশংসা ঝরিয়ে একে অপরের প্রতি করলেন শ্রদ্ধা প্রদর্শন।
সৌদি আরবের রিয়াদে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার রাত ১টায় মুখোমুখি হবে রিয়াল-বার্সা। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুই দলের কোচ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
চলতি মৌসুমটা বার্সার জন্য সময়টা তেমন সুখকর নয়। লা লিগায় কাতালান ক্লাবটি ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে। সমান খেলায় ৭ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে রিয়াল। দলের পারফরম্যান্সের সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও বার্সার কোচ হিসেবে জাভির পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন আনচেলত্তি।
‘আমি মনে করি জাভি বার্সেলোনায় একটি সর্বোত্তম কাজ করছেন। এটা সত্য যে তার আমার মতো অভিজ্ঞতা নেই। কিন্তু আপনি যখন কাজ শুরু করেন, আপনার অভিজ্ঞতা থাকে না। তিনি বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন। এটা তাকে সাহায্য করে। কোচিং আলাদা কাজ। তবে যে ধরনের খেলোয়াড় তিনি ছিলেন যেভাবে ফুটবল দেখেছেন, সেটা তাকে সাহায্য করে।’
‘রিয়ালের কোচের দায়িত্ব নেয়ার পর পাঁচ মৌসুমে ১০টি শিরোপা জেতা আনচেলত্তিকে তার পূর্ণ সম্মান জানিয়ে বক্তব্য রাখেন জাভি। বললেন, তিনি সর্বকালের সেরা কোচদের একজন। তার সম্মান সবার জন্য দৃষ্টান্ত। তিনি কাজ করেছেন এমন প্রতিটি দেশেই সাফল্য পেয়েছেন। আপনি কাউকে আনচেলত্তিকে নিয়ে খারাপ কথা বলতে দেখবেন না। তিনি একজন ভদ্রলোক, সর্বদা শ্রদ্ধাশীল এবং আমার জন্য একটি দৃষ্টান্ত। তার প্রতি আমার অসাধারণ শ্রদ্ধা রয়েছে।’








