রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে যেসকল সন্ত্রাসীরা গুলি করেছে তাদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার বলেন, ওসমান হাদীর ওপরে গুলি বর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
তিনি আরও বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র্যাবসহ সবাই কাজ করছে।
সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে পরিদর্শন করে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, হাদির মাথা থেকে গুলি বের করা হয়েছে। ব্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। অবস্থা সংকটাপন্ন।
শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।







