আগের সব রেকর্ড ভেঙে ওটিটিতে নতুন ইতিহাস গড়লো কাজল আরেফিন অমি’র ব্যাচেলর পয়েন্ট সিজন ৫! এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।
ঈদ-উল-আজহার দিনে দেশের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্মে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন ৮টি পর্ব একসাথে মুক্তি দেওয়া হয়। জনপ্রিয় ধারাবাহিকের নতুন পর্বগুলো দেখার জন্য দর্শকরা যেন মুখিয়ে ছিলেন!
১০০টিরও বেশি দেশ থেকে বাংলা ভাষাভাষী দর্শকরা ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখেছেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। মুক্তির পর মাত্র ৩ দিনে ৩৫ লাখের বেশি পেইড ভিউ হয়েছে এবং ওয়াচ টাইম ডেটা থেকে জানা গেছে, দর্শকরা এ পর্যন্ত ২.৫ কোটি মিনিটেরও বেশি সময় নিয়ে নতুন সিজন উপভোগ করেছেন।
ব্যাচেলর পয়েন্টের এই সফলতা প্রসঙ্গে পরিচালক অমি বলেন, “ওটিটিতে এত পরিমাণ প্রি-বুক আগে কখনো হয়নি। ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রিতে এক নতুন রেকর্ড সৃষ্টি হলো আর এসবই সম্ভব হয়েছে দর্শকের জন্য। ওটিটিতে টাকা দিয়ে এত মানুষ ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ দেখেছেন, আমি তাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ।”
বঙ্গ-এর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু জানান, “ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর রেকর্ড ব্রেকিং সাফল্যে আমরা সবাই খুবই আনন্দিত। ব্যাচেলর পয়েন্টের ইতিহাসে এবারই প্রথমবার দর্শকরা একসাথে ৮টি নতুন পর্ব দেখার সুযোগ পেলেন। প্রচুর মানুষ বঙ্গ-তে কনটেন্টটি দেখছেন। ব্যাচেলর পয়েন্টের দর্শকদের জন্য আমাদের প্ল্যাটফর্মে ১২০ পর্বের স্পেশাল সিজন পাস-সহ আরো দুইটি সাবস্ক্রিপশন প্যাকেজ রয়েছে। সবগুলো প্যাকেজেই আমরা দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি।”
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর টিভি পার্টনার চ্যানেল আই। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লামিমা লাম-সহ আরও অনেকে।








