নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেছেন, শিক্ষা খাতে সামান্য অগ্রগতি যথেষ্ট নয়; কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে আরও বড় ও ধারাবাহিক অগ্রগতির দিকে যেতে হবে। তার ভাষায়, শুধু ‘হাই জাম্প’ দিলেই হবে না, দিতে হবে ‘মোর মোর জাম্প’। তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান শিক্ষা কারিকুলামে কোনো মৌলিক পরিবর্তন আনা হবে না; বরং তা পর্যালোচনা বা রিভিউ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
কারিকুলাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে বলেন, “কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ করা হবে।”
তিনি বিএনপি-জামায়াতে ইসলামী জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ২০০১ সালে দায়িত্ব গ্রহণের পর নকল ও প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেসব অনিয়ম বন্ধ হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেগুলোর পুনরাবৃত্তি হবে বলে তিনি মনে করেন না।
এদিকে, মঙ্গলবার শপথ গ্রহণের দিন জাতীয় সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারি টপকে ঢোকার প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চান, শিক্ষাখাতেও কি তেমন কোনো ‘জাম্প’ দেখা যাবে? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে শুধু হাই জাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে এটাই আমার বিশ্বাস।








