প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি দেশের সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত নেই। প্রচলিত নির্বাচনী আইন বা পদ্ধতি বদলানোর ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন সিইসি।
তিনি বলেন, আমাদের যে পদ্ধতি প্রচলিত আছে, সেটাই অনুসরণ করতে হবে। পিআর তো আরপিওতে নাই। আমরা তো আইন বদলাতে পারি না।
সিইসি আরও জানান, পিআর পদ্ধতি চালু করতে হলে আরপিও পরিবর্তনসহ সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। তবে সংবিধান পরিবর্তনের প্রসঙ্গ আসলে সেটি নিয়ে সমালোচনা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, দলগুলো একটা সিদ্ধান্তে বা মীমাংসায় আসুক। উনারা বুঝবেন কোনটা বাস্তবসম্মত, আর কোনটা নয়। যদি তারা পিআর চান, তাহলে সেটা তাদেরই বোঝাপড়ার বিষয়।








