আফগানিস্তানে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক গ্রাম। রোববার (৩১ আগস্ট) রাতে দেশটির কুনার প্রদেশে শক্তিশালী এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬’শ ছাড়িয়েছে। আহতের সংখ্য ১ হাজার ৫০০ জনেরও বেশি।
তালেবান সরকার আশঙ্কা করছে, পাহাড়ি ও দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পোহাতে হচ্ছে।
এ ঘটনায় ‘চরম মানবিক বিপর্যয়’ ঘটেছে আফগানজুড়ে। আফগানিস্তানের এক হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, প্রতি পাঁচ মিনিটে একজন আহত আসছে হাসপাতালে।
কুনার প্রদেশের রাজধানীর প্রধান হাসপাতালের চিকিৎসক মুলাদাদ জানিয়েছেন, ভূমিকম্পের পর তিনি সারারাত ঘুমাতে পারেননি। হাসপাতালটিতে আহতদের চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন তিনি।
তিনি বলেছেন, পুরো হাসপাতাল আহতদের দিয়ে পূর্ণ হয়ে গেছে। প্রতি পাঁচ মিনিটে একজন করে আহত হাসপাতালে আসছে চিকিৎসার জন্য।
এই চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় নারী ও শিশুসহ ১৮৮ জন আহত হাসপাতালটিতে ভর্তি হয়েছে। তিনি বলেন, হাসপাতালে কোনো শয্যা খালি নেই। ফলে অনেকে আহত রোগীকে মেঝেতে রেখা চিকিৎসা দিতে হচ্ছে।
ডা. মুলাদাত পরিস্থিতিটাকে সংকট হিসেবে উল্লেখ করেন।
আরেকটি প্রদেশ নানগারহার-এর প্রধান হাসপাতালে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫০ জন আহতের চিকিৎসা চলছে।







