মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো মুভি ‘ডেডপুল এন্ড উলভারিন’ পঞ্চম সপ্তাহে এসে বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে ১.২১ বিলিয়ন ডলারের বেশি। বর্তমানে বক্স অফিসের শীর্ষে আছে এই ছবি।
সাই-ফাই-হরর সিনেমা ‘এলিয়েন: রোমুলাস’ আছে দ্বিতীয় স্থানে। কলিন হুভারের ২০১৬ সালের উপন্যাস অবলম্বনে নির্মিত রোমান্টিক ড্রামা ‘ইট এন্ডস উইথ আস’ তৃতীয় স্থানে অবস্থান করছে।
‘ডেডপুল এন্ড উলভারিন’ সবচেয়ে সফল আর-রেটেড ছবির তালিকার শীর্ষে আছে। শিগগির মার্ভেলের সবচেয়ে সফল ছবির তালিকার সপ্তম স্থানে থাকা ‘আয়রন ম্যান থ্রি’-কে টপকে যাবে ‘ডেডপুল এন্ড উলভারিন’। এরপরেই ছুঁয়ে ফেলবে ‘ক্যাপটেন আমেরিকা সিভিল ওয়ার্স’-এর রেকর্ড।
২৬ জুলাই মুক্তি পেয়েছে শন লেভি পরিচালিত ‘ডেডপুল এন্ড উলভারিন’। মুক্তির শুরুতেই বক্স অফিসে ঝড় উঠে। প্রথম দিন বিশ্বব্যাপী ছয় কোটি ৪৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ কোটি ২৫ লাখ টাকা) আয় করে।
‘ডেডপুল এন্ড উলভারিন’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৪তম এবং ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, রেট রিজ, পল ওয়ের্নিক প্রমুখ। ছবির অন্যতম আকর্ষণ হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের জুটি। এই জুটির পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে সবচেয়ে বেশি।
সূত্র: কইমই, মিডিয়া প্লে নিউজ








