চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপের লড়াইয়ে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছিল ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপপর্বের শেষ ম্যচে মুখোমুখি হয়েছিল দুদল। গ্রুপসেরার লড়াইয়ে কিউইদের বিপক্ষে আড়াইশ রানও করতে পারেনি ভারত। বরুণ চক্রবর্তীর দাপুটে বোলিংয়ে তা দিয়েই রুখে দিয়েছে কিউইদের। ৪৪ রানে জিতে গ্রুপসেরা হয়ে সেমিতে লড়বে রোহিত শর্মার দল।
দুবাইতে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় নিউজিল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪৯ রানের সংগ্রহ গড়ে ভারত। জবাবে ৪৫.৩ ওভারে ২০৫ রানে গুটিয়ে যায় কিউই ইনিংস। তিন জয়ে রোহিত শর্মার দল ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে গেল। দুই জয় ও এক হারে কিউইদের পয়েন্ট চার। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে খেলবে তারা।
আগামী ৪ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে ভারত। ৫ মার্চ লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড। তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা।
রানতাড়ায় নেমে কিউইদের হয়ে কেন উইলিয়ামসন ব্যাট হাতে দারুণ করেছেন। ১২০ বলে ৮১ রান করেন তারকা ব্যাটার। অধিনায়ক মিচেল স্যান্টনারের ব্যাট থেকে আসে ৩১ বলে ২৮ রান। ওপেনার উইল ইয়ং করেন ৩৫ বলে ২২ রান। বাকিদের কেউ ১৭ রানের বেশি করতে পারেননি। ৩৫ বলে ১৭ রান আসে ড্যারিল মিচেলের ব্যাট থেকে।
ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ১০ ওভারে ৪২ রান খরচায় ৫ উইকেট নেন। কুলদীপ যাদব নেন ২ উইকেট।
নেমে ম্যাট হেনরির দাপুটে বোলিংয়ে সংগ্রহটা খুব বড় করতে পারেনি ভারত। টপঅর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলি আলো ছড়াতে পারেননি। ৩০ রানে তিন উইকেট হারানোর পর শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল ভারতকে টেনে নেন। ৯৮ রানের জুটি গড়েন দুজনে। প্যাটেল ৬১ বলে ৪২ রানে আউট হলে জুটি ভাঙে। দলীয় ১৭২ রানে শ্রেয়াস আউট হন ৯৮ বলে ৭৯ রান করে। তার ইনিংসে ছিল দুটি ছক্কা ও চারটি চারের মার।
শেষদিকে হার্দিক পান্ডিয়া চারটি চার ও দুটি ছক্কায় ৪৫ বলে ৪৫ রান করেন। লোকেশ রাহুল ২৯ বলে ২৩ রান করেন।
কিউই পেসার ম্যাট হেনরি ৮ ওভারে ৪২ রান খরচায় ৫ উইকেট নেন।







