জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতু ভেঙে দুই সহোদারসহ ৩ শিশু মারা গেছে। নিখোঁজ আছে আরো অন্তত ৭ জন।
আজ শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- দেওয়ানগঞ্জের ডাকাতিয়া পাড়ার জয়নাল আবেদীনের কন্যা মায়া মনি, ঝালুর চরের শের আলীর কন্যা খাদিজা আক্তার ও মোতালেব হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতি বছরই ওই ড্রাম ব্রিজ ও আশপাশের এলাকায় মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে অভিযোগ রয়েছে।
অতিরিক্ত মানুষের চাপ সহ্য করতে না পেরে হঠাৎ করেই সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়।
ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। তবে এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকলেও যথাযথ সংস্কার বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








