দিনাজপুর–৬ সংসদীয় আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে উঠেছে। ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর—এই চার উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ছয়জন প্রার্থী ভোটারদের সমর্থন পেতে দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে প্রচারণায় তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এই প্রথমবারের মতো তিনি নিজ পৈত্রিক এলাকায় প্রার্থী হয়েছেন এবং জাতীয় সংসদ নির্বাচনেও প্রথমবার অংশ নিচ্ছেন। একজন জাতীয় পর্যায়ের পরিচিত চিকিৎসক ও রাজনৈতিক নেতা হিসেবে তাকে প্রার্থী হিসেবে পাওয়ায় স্থানীয় ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, অতীতে এই আসনে জামায়াত ও আওয়ামী লীগের প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হলেও দীর্ঘদিন ধরে বিএনপি থেকে কেউ নির্বাচিত হননি। অনেকের মতে, জাতীয় পর্যায়ে পরিচিত নেতৃত্বের অভাবে টেকসই উন্নয়ন হয়নি। এ কারণে ডা. এ জেড এম জাহিদ হোসেনের মতো একজন পরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন তারা।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গ্রাম ও এলাকায় সভা-সমাবেশে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন। পাশাপাশি হিলি স্থলবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এলাকার সাধারণ ভোটারদের ভাষ্য, উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলে পরিবর্তনের জন্য তারা একজন দক্ষ ও সৎ নেতৃত্ব প্রত্যাশা করছেন, আর সেই জায়গায় ডা. এ জেড এম জাহিদ হোসেনকে এগিয়ে দেখছেন অনেকেই।








