বাংলাদেশ

আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন তবে আশাহত নই: অমর্ত্য সেন

দুই ব্যক্তি হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তি হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন, একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে। দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে এই পরিস্থিতি উত্তরণে অনেক দূর যেতে হবে।

সম্প্রতি শান্তিনিকেতনে তার পৈতৃক বাড়িতে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করে অমর্ত্য সেন বলেন, এই ধরনের পদক্ষেপ একই ভুলের পুনরাবৃত্তি করবে। যে কারণে আওয়ামী লীগ সরকারকে অন্য রাজনৈতিক দলগুলো দোষারোপ করেছিল।

অমর্ত্য সেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, সমাধানের জন্য আশাবাদী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, ড. ইউনূস আমার পুরোনো বন্ধু। আমি জানি, তিনি অত্যন্ত যোগ্য এবং বিভিন্ন দিক থেকে একজন অসাধারণ মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতি বিষয়ে শক্তিশালী বিবৃতি দিয়েছেন।

তিনি বলেন, আপনি যদি হঠাৎ করে কোনো দেশের প্রধান হয়ে যান তাহলে আপনাকেও ড. ইউনূসের মতো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে হবে। আপনাকে অবশ্যই বিভিন্ন দল বিবেচনা করতে হবে। কারণ, সেখানে ইসলামিক দল রয়েছে, হিন্দু দলও রয়েছে। ড. ইউনূসের সক্ষমতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ মূলত সাম্প্রদায়িক শক্তি দ্বারা বেষ্টিত। তাদের উচিত ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারাবদ্ধ হওয়া। নোবেলজয়ী অর্থনীতিবিদের মতে, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সাইডলাইন করার চেষ্টা না করে বাংলাদেশের উচিত ঐতিহ্যকে ধারণ করে একসঙ্গে কাজ করা। এজন্য বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আমি আশা করি, স্বাধীনতা ও বহুত্ববাদের প্রতি বাঙালির প্রতিশ্রুতি বজায় থাকবে।

তিনি বলেন, আগামী নির্বাচন অনেকের দাবির চেয়ে অবাধ ও সুষ্ঠু হবে। তবে পরিবর্তনের অবকাশ আছে। আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন তবে আশাহত নই। তিনি আরও বলেন, আমার পরিচয়ের সঙ্গে শক্তিশালী বাঙালিবোধ রয়েছে। যে কারণে বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করে।

বিষয়:অমর্ত্য সেন ড. ইউনূস বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…