আবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।
আজ বুধবার ৩ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রোখসানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ধারা ১১(১) ও (২) অনুসারে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ করা হলো। রাষ্ট্রপতি ও আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে আগামী ৪ বছরের জন্য তিনি এ পদে দায়িত্বপালন করবেন।
এর আগে, ২০২০ সালের ২৫ জুন বুয়েটের অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারকে চার বছরের জন্য প্রতিষ্ঠানটির উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন।








