বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক মহাসচিব, এফবিসিসিআই এর সাবেক পরিচালক এবং জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান ডা. মোমেনুল হক (৬৯)-এর মৃত্যৃতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির ও মহাসচিব এসএম শফিউজ্জামান।
বার্ধক্যজনিত ও অন্যান্য রোগের কারণে গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫: ১০ মিনিটে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির এক শোকবার্তায় জানিয়েছেন, ডা. মোমেনুল হক দীর্ঘদিন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাথে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশের বিকাশমান এই ঔষধ শিল্পে এবং দেশে-বিদেশে ফার্মা বাজার সম্প্রসারণে তার অবদান অনস্বীকার্য। এ ছাড়াও তিনি বাংলাদেশের ঔষধের মান উন্নয়ন ও কারখানা আধুনিকায়নে প্রথম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। বাংলাদেশের ঔষধ শিল্পে ডা. মোমেনুল হক এর অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরন করছি। তার মৃত্যুতে আমরা এবং বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সন্মানিত উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ ও সকল সাধারণ সদস্যবৃন্দের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যবৃন্দ ও জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সকল সদস্যবৃন্দর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ব্যক্তিগত জীবনে ডা. মোমেনুল হক একজন স্বজন, অমায়িক ও বন্ধুবৎসল ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে ঔষধ শিল্পের এক অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।







