ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ১ মে শুরু হবে সুপার লিগ ও রেলিগেশন লিগ। মঙ্গলবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সুপার লিগ ও রেলিগেশন লিগের সূচি প্রকাশ করেছে। মিরপুরে শুরুর রাউন্ডেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দি দুই ক্লাব আবাহনী-মোহামেডান।
১২ দল নিয়ে আসর শুরু হলেও সুপার লিগে লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় ক্লাব। তিন মাঠে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। মে মাসে বৃষ্টির শঙ্কা থাকায় রাখা হয়েছে রিজার্ভ ডে। আর প্রতিটি ম্যাচের পর থাকছে একদিন করে রেস্ট ডে।
সুপার লিগের দল হলো আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম দিনে ছয়টি দলই মাঠে নামবে।
প্রথম রাউন্ডে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল মুখোমুখি হবে গাজী গ্রুপের। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক খেলবে রূপগঞ্জের বিপক্ষে। আর শের-ই-বাংলা স্টেডিয়ামে লড়বে আবাহনী-মোহামেডান।
এদিকে সুপার লিগের মতো রেলিগেশন লিগও শুরু হবে ১ মে থেকে। একইভাবে থাকছে রিজার্ভ ডে। রেলিগেশন লিগের প্রত্যেকটি ম্যাচ হবে বিকেএসপির ৪ নম্বর মাঠে। এই পর্বের তিনটি দল হচ্ছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ঢাকা লেপার্ডস।








