প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) টানা চতুর্থবারের মতো তাদের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির বিজয় মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘টিএমজিবি শিক্ষাবৃত্তি ২০২৬’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মোট ৪২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মাদ আবু ইউসুফ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেশনাল স্ট্যাডিজ বিভাগের পরিচালক মোহাম্মদ মাহদী উজ জামান, বাংলাদেশ কম্পিউটার সমিটির (বিসিএস) সভাপতি ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ফিন্যান্স সেক্রেটারি মোহাম্মাদ আমিনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মাদ আবু ইউসুফ বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে আমাদের নতুন প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহার নয়, এর পেছনের প্রযুক্তিগত জ্ঞানও আয়ত্ত করতে হবে। টেকনোলজি মিডিয়া গিল্ডের সদস্যদের সন্তানদের জন্য এই ধরনের বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান তাদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি একটি মহৎ ও সময়োপযোগী উদ্যোগ।
ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক মোহাম্মদ মাহদী উজ জামান বলেন, নাসাসহ আন্তর্জাতিক বিভিন্ন তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা বর্তমানে প্রশংসনীয় সাফল্য অর্জন করছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এক্ষেত্রে টিএমজিবি নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ, স্পেস ইনোভেশন ক্যাম্পসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে সম্পৃক্ত হতে পারে।
বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দেশের সকল শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। মেধা কোনো ভৌগোলিক বা আর্থসামাজিক সীমারেখায় বাঁধা নয়। টিএমজিবির এই ধারাবাহিক শিক্ষাবৃত্তি কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। তিনি ভবিষ্যতে শিক্ষাবৃত্তির পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনে স্মার্ট টেকনোলজিসের সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, শিশুদের মেধা বিকাশে পাঠ্যবইয়ের বাইরের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাথ অলিম্পিয়াড, রোবট অলিম্পিয়াড, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়বে।
সভাপতির বক্তব্যে টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, আমাদের সদস্যদের সন্তানদের মানসম্মত শিক্ষায় উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই টানা চতুর্থবারের মতো এই শিক্ষাবৃত্তি প্রদান করা হলো। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বৃহৎ পরিসরে এবং নতুন নতুন কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএমজিবির সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মইদুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী এবং কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা টিএমজিবির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। টিএমজিবি আশা প্রকাশ করে জানায়, এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফল হতে সহায়ক ভূমিকা রাখবে।








