এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিস্যাব)।
মঙ্গলবার (২ জুন) রাতে এক বিবৃতিতে ডিস্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দীন ও সাধারণ সম্পাদক এমরুল কায়েস এই অভিনন্দন জানান। তারা ড. খলিলুর রহমানের এই বিজয়কে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও মাইলফলক অর্জন হিসেবে উল্লেখ করেন।
ডিস্যাব নেতারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গঠনমূলক ভূমিকা ও সক্রিয় কূটনৈতিক সম্পৃক্ততার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের আস্থারই প্রতিফলন এই বিজয়। মাত্র প্রায় তিন মাসের প্রচারণা চালিয়েই বাংলাদেশ সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে এই সাফল্য অর্জন করেছে, যা দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রমাণ।
বিবৃতিতে তারা বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করেছে এবং দেশের জন্য গৌরব বয়ে এনেছে। ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদ বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নির্বাচনে তিনি ৯৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পান ৯১ ভোট।








