জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের মুকুটে জুড়ল নতুন এক পালক। ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠান করেছিলেন পাঞ্জাবি শিল্পী। সেই সংগীত সফরের নাম ছিল ‘দিল-লুমিনাতি ট্যুর’।
জানা গেছে, যে পরিমাণ আয় দিলজিতের এই সংগীত সফরের হয়েছে, তা ভারতের মঞ্চ অনুষ্ঠানের ক্ষেত্রে প্রথম।
২০২৪ সালে ২৬ অক্টোবর দিল্লি থেকে এই সংগীত সফর শুরু করেছিলেন দিলজিৎ। এরপর ১৫ নভেম্বরে হায়দরাবাদে, ১৭ নভেম্বরে অহমেদাবাদে, ২২ নভেম্বর লখনৌতে এবং ২৪ নভেম্বর পুণেতে অনুষ্ঠান করেছিলেন দিলজিৎ। পরবর্তীতে ৩০ নভেম্বর কলকাতা, ৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে, ২৩ ডিসেম্বর চণ্ডীগড়ের সফর শেষ করে ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠান করেছিলেন শিল্পী।
এই ৯টি শহরে অনুষ্ঠান করে মোট ৯৪৩ কোটি টাকা আয় করেন দিলজিৎ দোসাঞ্জ। যা এখন পর্যন্ত সংগীত সফরের মাধ্যমে আয় করেননি অন্য কোন শিল্পী। সরাসরি অনুষ্ঠানের টিকিট বিক্রি করে ২৭৬ কোটি টাকা আয় করেছে দিলজিতের এই সংগীত সফর। সেই সঙ্গে অন্য স্পনসর ও পরোক্ষ মাধ্যমে বাকি আয় হয়েছে এই অনুষ্ঠানের। দিলজিতের অনুষ্ঠানে মোট ৩,২০,০০০ টিকিট বিক্রি হয়েছিল বলে জানা যাচ্ছে।
শুধু টিকিট বিক্রিই নয়। দিলজিতের অনুষ্ঠানের জন্য দেশের পর্যটনও লাভবান হয়েছে। ৩৮ শতাংশ শ্রোতারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ করে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। তাদের মধ্যে ২০ শতাংশ শ্রোতা ভিন্নরাজ্য বা অন্য শহরে গিয়ে হোটেলে গিয়ে থেকেছেন। এই ভাবে পর্যটনেও লাভ হয়েছে।








