দুই যুগ আগের ‘বাড়ি দখলের’ ঘটনায় যা বললেন দিলারা জামান

ভাড়াটিয়া কর্তৃক অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল হয়েছে- সম্প্রতি এমন খবর ছড়িয়েছে। একটি টিভি চ্যানেলের ইউটিউবে কিংবদন্তি এই অভিনেত্রী মন্তব্যে জানান, “বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির বাসার মতো ভাড়া বাড়িতে থাকি।”
এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচনায় আসে। শুক্রবার সন্ধ্যায় দিলারা জামানের সঙ্গে বাড়ি দখলের ঘটনা নিয়ে কথা হয় চ্যানেল আই অনলাইনের এই প্রতিবেদকের৷
তখন মুঠোফোনে এই অভিনেত্রী পরিষ্কার করে ঘটনাটি জানিয়ে বলেন,“প্রায় দুই যুগ আগে ঢাকার শ্যামলীতে তার ছয় কাঠা জমি দখলের ঘটনা ঘটেছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রসঙ্গক্রমে বিষয়টি নিয়ে কথা বললেও সেখানে পুরো ঘটনা স্পষ্টভাবে উঠে আসেনি।”
দিলারা জামান বলেন, শ্যামলীর ওই ছয় কাঠা জমি আমার বাবা আমাকে দিয়েছিলেন। আমার ভাইকেও কিছু জমি দেওয়া হয়েছিল। জমির কাগজপত্র সঠিক থাকায় আদালতের মাধ্যমে প্রায় দুই মাসের মধ্যে তিনি জমিটি বুঝে পান।
দিলারা জামান বলেন, “আমার বাড়ি দখলের ঘটনাটি সত্য, কিন্তু প্রায় দুই যুগ আগের ঘটনা। কিছুদিন আগে একটি ইন্টারভিউতে কথা প্রসঙ্গে এই বিষয়টি উঠেছিল। সেই প্রশ্নের উত্তরে আমি কথাগুলো বলেছিলাম। কিন্তু ইন্টারভিউয়ে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়নি।”
ওই জমির বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমার ওই জমিটা ছিল শ্যামলীতে। ওখানে এখন দশ তলা অ্যাপার্টমেন্ট উঠেছে। যখন ওইদিকে যাই, জায়গাটা দেখলে আবেগতাড়িত হই।”
জমিটি বুঝে পাওয়ার পর সেটি বিক্রি করে উত্তরা একটি ফ্ল্যাট কিনে সেখানে বসবাস শুরু করেন এই অভিনেত্রী। তিনি জানান, ২০০৮ সাল থেকে উত্তরায় নিজের ফ্ল্যাটেই থাকছেন।
বর্তমানে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট দিলারা জামান। তিনি বলেন, “এখন আমি ভালো আছি। আমার কোনো সমস্যা নেই।”







