অস্কারের ইতিহাসে একটি অদ্ভুত রেকর্ড গড়েছেন হলিউডের জনপ্রিয় গীতিকার ডায়ান ওয়ারেন। সেরা মৌলিক গানের বিভাগে ১৭ বার মনোনয়ন পেলেও এখনও পর্যন্ত একবারও পুরস্কার জিততে পারেননি তিনি!
সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসে বসে অস্কারের ৯৮তম আসর। এবারের আসরেও জয়ের দেখা পাননি ৬৯ বছর বয়সী এই গীতিকার। ফলে অস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েও পুরস্কার না জেতার রেকর্ড এখন তার দখলে!
ওয়ারেন প্রথম অস্কারের মনোনয়ন পান ১৯৮৭ সালে। সে সময় ‘মেনিকুইন’ ছবির জন্য লেখা গান ‘নাথিংস গনা স্টপ আস নাউ’ তাকে সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন এনে দেয়। এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিনি আরও বহু জনপ্রিয় গান লিখেছেন।
তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে আই ডোন্ট ওয়ান্ট টু মিস আ থিং। এছাড়া টিল ইট হ্যাপেনস টু ইউ গানটিও ব্যাপক আলোচিত হয়, যা ছিল দ্য হান্টিং গ্রাউন্ড সিনেমার জন্য।
এ বছর তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গান ‘ডিয়ার মি’–এর জন্য, যা ব্যবহৃত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ডায়ান ওয়ারেন: রিলেন্টলেস’–এ।
তবে শেষ পর্যন্ত অস্কার জিতে নেয় গান ‘গোল্ডেন’। এই গানটির স্রষ্টা ইজা, আইডো এবং টেডি পার্ক। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো দক্ষিণ কোরীয় শিল্পী সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতলেন।
এর আগে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েও অস্কার না জেতার রেকর্ডটি ছিল সাউন্ড মিক্সার গ্রেগ রাসেল–এর, যার ছিল ১৬টি মনোনয়ন। এবার তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন ডায়ান ওয়ারেন।
উল্লেখ্য, যদিও প্রতিযোগিতামূলক বিভাগে তিনি এখনও অস্কার জিততে পারেননি, তবে চলচ্চিত্রে দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে তাকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়। গার্ডিয়ান








