দিনের পর দিন গৃহপরিচারিকাকে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হলেন ‘ধুরন্ধর’ ছবির অভিনেতা নাদিম খান। জানা গেছে, মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এই অভিনেতা।
সেই পরিচারিকার অভিযোগের ভিত্তিতে মালভানি থানায় তার বিরুদ্ধে ধর্ষণ ও দীর্ঘদিন ধরে যৌন শোষণের মামলা রুজু হয়েছে। অভিযোগকারীর দাবি, প্রায় এক দশক ধরে বিভিন্ন সময়ে তাকে যৌন নির্যাতন করা হয়েছে এবং বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে হেফাজতে নেওয়া হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযোগকারীর বয়ান অনুযায়ী, দীর্ঘ সময় ধরে ভয় ও মানসিক চাপে নাকি তিনি চুপ করে ছিলেন। বিয়ের আশ্বাসে বিশ্বাস রেখে নীরবতা বজায় রেখেছিলেন। কিন্তু পরে যখন অভিযুক্ত অভিনেতা বিয়ে করতে অস্বীকার করেন এবং মানসিক নির্যাতনের মাত্রা বেড়ে যায়, তখনই তিনি আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আগে কোন অনুরূপ অভিযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও প্রমাণ সংগ্রহের উপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নাদিম খান সাম্প্রতিক ‘ধুরন্ধর’ ছবিতে রহমান ডাকাতের রাঁধুনি আখলাকের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি ‘মিমি’ (২০২১), ‘বধ’ (২০২২), ‘ম্যায় লাড়েগা’ (২০২৪)-সহ একাধিক ছবিতে ছোট কিন্তু নজরকাড়া চরিত্রে দেখা গিয়েছেন। থিয়েটারের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত বলে জানা যায়।- টাইমস অব ইন্ডিয়া







