আর মাত্র ২ দিনের অপেক্ষা, তারপরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক আদিত্য ধরের নতুন ছবি ‘ধুরন্ধর ২’। রণবীর সিং ও সঞ্জয় দত্তের মতো বড় তারকার উপস্থিতিতে ছবিটি নিয়ে আগ্রহ ইতিমধ্যেই চরমে। প্রথম পর্বের বিপুল সাফল্যের পর সিক্যুয়েল নিয়ে দর্শকদের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বেশি।
ছবির টিকিট বিক্রি শুরু হতেই বহু হলে দ্রুত সিট ভরে যাচ্ছে। ইন্ডাস্ট্রি মহলের মতে, এই ট্রেন্ড বজায় থাকলে ওপেনিং এর দিনেই বড় রেকর্ড গড়তে পারে ছবিটি।
ট্রেড অ্যানালিস্ট সুমিত কাদেল মনে করছেন, এই ছবি বিশ্বজুড়ে ২০০০ কোটির গণ্ডি পেরিয়ে যেতে পারে। তার অনুমান অনুযায়ী, প্রিভিউ শো থেকেই কয়েক কোটির ব্যবসা হতে পারে, আর মুক্তির প্রথম দিনেই আয় পৌঁছতে পারে ৮০–৯০ কোটির কাছাকাছি।
প্রথম উইকেন্ডে ৪৫০–৫০০ কোটির নেট কালেকশন সম্ভব বলেও ধারণা করা হচ্ছে। এমনকি ওপেনিং ডে-তেই ২০০ কোটির বেশি গ্রস কালেকশন করার সম্ভাবনার কথাও উঠছে।
তবে অতীতে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে সফল প্রথম অংশের পরও, সিক্যুয়েল প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এত বড় বড় ভবিষ্যদ্বাণী সত্যি হবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে।
এই ছবির অন্যতম আকর্ষণ হল, প্রথম পর্বে যে সব প্রশ্নের উত্তর মেলেনি, সেগুলোর ব্যাখ্যা মিলতে পারে এখানে। অপরাধ জগতের ক্ষমতার লড়াই, প্রতিশোধের আবেগ এবং চরিত্রের গভীরতা সব মিলিয়ে আরও বিস্তৃত ক্যানভাসে গল্প আগাবে। শুধু অ্যাকশন নয়, চরিত্রের ব্যাকস্টোরি ও সম্পর্কের জটিলতাও এবার বড় ভূমিকা নেবে বলে জানা যাচ্ছে।
সব মিলিয়ে ‘ধুরন্ধর ২’ এখন বক্স অফিসের বড় পরীক্ষার মুখে এটি কি নতুন রেকর্ড গড়বে নাকি অত্যাধিক প্রত্যাশার চাপে পড়ে ব্যর্থ হবে, সেই উত্তর মিলবে খুব শিগগিরই।








