বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এএ ইয়ার্ন মিলস্ লিমিটেড কারখানার কয়েক হাজার শ্রমিক। এতে করে মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন থানা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা। এসময় শ্রমিকদের সরিয়ে দিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
শ্রমিকদের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের তারিখ ছিল ১০ অক্টোবর। পরে কারখানা কর্তৃপক্ষ তা পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করে। কিন্তু আজকেও তারা কথা রাখেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বকেয়া বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কয়েকটি তারিখ দিয়েছে। সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের জন্য আজ সর্বশেষ তারিখ ছিল; কিন্তু আজও বেতন পরিশোধ করেনি কতৃপক্ষ। এজন্য সড়ক অবরোধ করে শ্রমিকরা।
তিনি আরও জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু শ্রমিকরা কিছুতেই সড়ক ছাড়ছে না। এসময় টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।








