ঘোষণার শুরু থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর অভিনীত আসন্ন সিনেমা ‘দেভারা’। আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে যেই সিনেমা। তার আগেই প্রকাশ্যে এলো আসন্ন ছবিটির ট্রেলার।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মুম্বাইয়ে ছবিটির কলাকুশলীদের উপস্থিতিতে একটি জমকালো অনুষ্ঠানে ছবিটির ট্রেলার লঞ্চ করা হয়। তবে এই ট্রেলার নিয়ে যতটা উত্তেজনা ছিল সোশ্যাল মিডিয়াতে, কার্যক্ষেত্রে দেখা গেল তার উল্টোটা। একেবারে ভালো লাগেনি নেট-নাগরিকদের, নেগেটিভ মন্তব্যে ভরে গিয়েছে সামাজিক মাধ্যম।
কোরাতলা শিভা পরিচালিত ২ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারে এমন এক গল্প দেখা গেছে যা ‘সমুদ্রকে লাল করে’ দেয়। ট্রেলারে সাইফের যে চরিত্র ও তার দলবল থাকে, যাদের মধ্যে ভয়ের কোন স্থানই নেই। তবে জুনিয়র এনটিআরের চরিত্র আসতেই বদলে যায় হিসেব। এনটিআরের চরিত্রকে পরাস্ত করার চেষ্টা করতে থাকে সাইফ যে তাদের ভয় শিখিয়েছে।
ট্রেলার দেখে ধারণা করা হচ্ছে ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। জাহ্নবীকে দেখা গেছে এক গ্রাম্য মেয়ের চরিত্রে, যিনি জুনিয়র এনটিআরের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন।
ধারণা করা হয়েছিল, জুনিয়র এনটিআরেরর ‘আরআরআর’এর মতোই ব্লকবাস্টার হিট হবে এই সিনেমা। তবে ‘দেভারা পার্ট ১’-এর ট্রেলার দেখে নেটিজেনরা বেশ হতাশ হওয়ায় ছবিটির হিট হওয়া নিয়ে শঙ্কা তৈরী হয়েছে
ট্রেলার দেখে নেটিজেনদের একাংশ বলছে, একই পুরনো দক্ষিণী সিনেমার ফর্মুলা, নতুন বা উত্তেজনাপূর্ণ কিছু নেই। এটা দেখতে সিনেমাহলে টিকিট কাটার কোনো মানই হয় না। প্যান-ইন্ডিয়া রিলিজ নয়, ইউটিউব বা ওটিটি-র জন্য উপযুক্ত।’ কেউবা লিখেছেন, ‘আমার কাছে ‘দেভারা’র ট্রেলার একেবারেই ভালো লাগেনি। আমি এমনিতে লার্জার দ্যান লাইফ মুভি পছন্দ করি তবে এটি খুব অবাস্তব বলে মনে হয়েছে। সেই হাঙরের দৃশ্য তো একটা কৌতুক। তবে একটা জিনিস হল, সবাই এই সিনেমাটা নিয়ে কথা বলছে।’
বিশাল বাজেট নিয়ে নির্মিত হচ্ছে কোরাতলা শিভা পরিচালিত ‘দেভারা’ ছবিটি। যার ভিএফএক্স-এর কাজেই ব্যয় হচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি। চলতি বছর ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু নির্মাতারা ভিএফএক্সের কাজ সময়ে শেষ করতে পারেননি। তাই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে এই ছবিটি। –কইমই ডটকম








