খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সমবেত হয়।
ইবি সমন্বয়ক ছাড়াও সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবীর সৌরভ, সায়েম আহমেদ, ইসমাইল হোসেন রাহাত এবং প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রাহাত বলেন, আজকে তারা দিল্লিতে বসে থাকলেও তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আজকে কুয়েটে যে হামলা হয়েছে সেই হামলা ইসলামী বিশ্ববিদ্যালয়েও হতে পারে। আপনাদের সতর্ক থাকতে হবে। সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই, তারা সন্ত্রাসী। অতিদ্রুত এদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তাদের কোনো ছাত্রত্ব থাকতে পারে না।
এসময় সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, শেখ হাসিনা সরকার থাকাকালীন অন্য কেউ আন্দোলন করতে না পারলেও আমরা তার বিরুদ্ধে মাঠে নেমেছিলাম। আজ, পাখা গজানো কেউ যদি এই ধরনের হামলার চেষ্টা করে ছাত্র সমাজ ছেড়ে দিবে না। বর্তমান উপদেষ্টা পরিষদ চেষ্টা করে যাচ্ছে দেশকে সংস্কার করার, ঠিক তার বিপরীতে একদল লোক ষড়যন্ত্র করে যাচ্ছে। উপদেষ্টা পরিষদের কাজে যদি বাধা সৃষ্টির অপচেষ্টা করা হয় এবং দেশের ক্যাম্পাস সমূহে কারো গায়ে হাত তোলা হয় আমরা ছাত্রসমাজ দল-মত নির্বিশেষে প্রতিহত করবো।








