বিচারক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন রাজশাহী বিচার বিভাগের বিচারকরা।
গতকাল (১৬ নভেম্বর) রাজশাহী বিচার বিভাগের উদ্যোগে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে ২০০৫ সালে জঙ্গি হামলায় নিহত প্রয়াত বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং সম্প্রতি দুর্বৃত্তের হামলায় রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ তাওসিফ রহমান নৃশংসভাবে খুন হওয়ায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিচারকদের বক্তব্যে এ দাবি উঠে আসে।
সভায় বক্তারা বলেন, চরম নিরাপত্তাহীনতার মধ্যেও দেশের বিচার বিভাগ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্বৃত্তায়ন প্রতিরোধে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। সাম্প্রতিক ঘটনা বিচার বিভাগের সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা–ঝুঁকির বিষয়টি নতুনভাবে ভাবতে বাধ্য করেছে।
তারা বলেন, বিচারক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বিচারকদের নিরাপত্তায় সরকারকে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শফিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহীর সিনিয়র সিভিল জজ মো. শাহীন কবীর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জুলফিকার উল্লাহ, রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোস্তফা পাভেল রায়হান, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) দ্রুত বিচার ট্রাইব্যুনাল মোহা. মহিদুজ্জামান, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল) শেখ নাজমুল আলম।
সিভিল জজ আশরাফুন্নাহার রীটা’র সঞ্চালনায় রাজশাহী বিচার বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন খতিব মো. আব্দুর রহমান।
এছাড়াও বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়।
পরে রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শফিউল আলম নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্মরণসভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।







