বাংলাদেশ

ভোটার তালিকায় তারেক রহমান ও জাইমার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার

বিএনপি নেতা তারেক রহমানের ছবি, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এতথ্য জানিয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, এ বিষয়ে আগামীকাল রোববার সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে ইসি।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের যে কোনো প্রাপ্ত বয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করার এখতিয়ার আছে। সেই বিবেচনায়, উনারা ঢাকা ১৯ নম্বর ওয়ার্ডের (১৭ নম্বর সংসদীয় আসন) ভোটার তালিকায় নিবন্ধন করেছেন।

তিনি আরও বলেন, আজ তারা ফর্ম ফিলাপ করে ছবি তুলেছেন এবং বায়োমেট্রিক দিয়েছেন এবং এরপর তারা নিজেদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন। আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ইসি সচিব জানান, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে গেলেও, এখানে বাদবাকি কাজ শেষ করার জন্য কমিশনের কিছুটা সময় লাগবে। তাদের আঙুলের ছাপ, স্বাক্ষর ও ফেস আইডি ম্যাচিং করার পর, কনফার্ম হলে তখন এনআইডি নম্বর দেওয়া হয়। আর এটা করতে কিছুটা সময় লাগবে।

এগুলো আজকের ভেতরেই হয়ে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

যেহেতু সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সেক্ষেত্রে কবে নাগাদ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কমিশনের সিদ্ধান্ত বা অনুমতি দুই ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আরেকটা হচ্ছে নথির মাধ্যমে। আমাদের দায়িত্ব এটি কমিশন পর্যন্ত পৌঁছানোর, এরপর যা করা হবে, সেটা কমিশনের এখতিয়ার।

 

বিষয়:ইসি সচিব আখতার আহমেদ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ তারেক রহমান বিএনপি ভোটার তালিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…