লিবিয়ার পূর্ব উপকূলে তোব্রুক শহরের কাছে একটি নৌকায় আগুন ধরে অন্তত ৬১ জন সুদানের শরণার্থী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ৭৫ জন শরণার্থী নিয়ে একটি রাবারের নৌকা গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু তোব্রুক উপকূলের কাছে হঠাৎ আগুন ধরে গেলে নৌকাটি ডুবে যায়।
এই ঘটনায় ইউএনএইচসিআর জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে মোট ৭৪ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই সুদানী নাগরিক। তাদের মধ্যে মাত্র ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আইওএম আরও জানায়, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কতজন পুরুষ, নারী বা শিশু ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সুদানে চলমান গৃহযুদ্ধের কারণে দেশটি থেকে পালিয়ে প্রতিবেশী দেশ লিবিয়ায় আশ্রয় নিচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। গত দুই বছরে ১ লাখ ৪০ হাজারেরও বেশি সুদানী শরণার্থী লিবিয়ায় প্রবেশ করেছেন, যা আগের সংখ্যা প্রায় দ্বিগুণ করে তুলেছে।
তবে লিবিয়া হয়ে ইউরোপগামী এই সাগরপথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট হিসেবে পরিচিত। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত মোট ২ হাজার ৫৭৩ জন অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন।








