জামালপুরে বেসরকারি নকিব উদ্দিন হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক, নার্স ও আয়ার বিরুদ্ধে স্বাভাবিক প্রসব করাতে গিয়ে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে জামালপুর পৌর শহরে নকিব উদ্দিন হাসপাতালে এই ঘটনা ঘটে।
নবজাতকের স্বজনরা অভিযোগ করেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর পৌরসভার তেতুলিয়া এলাকার বাসিন্দা মারুফ হোসেনের স্ত্রী রূম্পা মনি মিম প্রসববেদনা নিয়ে নকিব উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তবে ওই সময় হাসপাতালে কোনো গাইনী চিকিৎসক উপস্থিত ছিলেন না। এসময় হাসপাতালের পরিচালক শামসুজ্জামান সেলিম, নার্স ও আয়ার সহায়তায় দুপুর ১২টার দিকে প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। প্রায় ৪ ঘণ্টা ধরে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়, এবং নবজাতককে টেনে-হিঁচড়ে বের করার সময় শিশুটির মাথায় আঘাত লেগে মৃত্যু ঘটে।
হাসপাতালের পরিচালক ও এনেসথেসিয়া বিভাগের চিকিৎসক শামসুজ্জামান সেলিম বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সিজার করার জন্য রুগীর স্বজনদের বলেছিলাম কিন্তু তারা এখন বলেছে এমম্ন কোনো তথ্যই পাননি।
এ বিষয়ে জামালপুর থানার ওসি আনিসুর আশেকীন বলেন, নবজাতকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।








