সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকায় গ্রেপ্তার চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া, মডেল শেলেস্থি রহমান ও তানভীর ভূঁইয়াকে কোলকাতায় হত্যা মামলার তদন্তকারী সিআইডির কাছে হস্তান্তর করবে ঢাকার ডিবি।
ঢাকায় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি না থাকলেও পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিপাক্ষিক সহযোগিতা অনুসরণ করে এর আগেও বন্দী বিনিময় হয়েছে। এ কারণে হত্যা মামলার তদন্তের স্বার্থে সমঝোতার মাধ্যমে তদন্তকারীদের কাছে তিন আসামীকে হস্তান্তর করা হবে। এমপি আনার হত্যাকাণ্ডে তদন্তে নতুন করে আসা মোস্তাফিজ ওরফে ফয়জুল নামে আরেকজনকে খুঁজছে পুলিশ। তদন্তকারীদের ধারনা মোস্তাফিজও নেপালেই আত্মগোপনে আছেন।
পুলিশ কর্মকর্তারা আরও জানান, যেহেতু সংসদ সদস্য আনোয়ারুর আজিম আনার হত্যা মামলার তদন্ত করছে ভারতের তদন্ত সংস্থা সিআইডি তাই ঢাকায় দায়ের হওয়া হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলাটি তদন্ত সংশ্লিষ্ট আলামতসহ সকল কাগজপত্র ভারতের কাছে হস্তান্তর করা হবে।
এ পর্যন্ত তদন্তে আসা তথ্য অনুযায়ী প্রধান পরিকল্পনাকারী আকতারুজ্জামান শাহীনকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়ায় জটিলতা নিরসনে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাকে ফেরাতে চায় বাংলাদেশী তদন্ত সংস্থা। আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনটাই আভাস পাওয়া গেছে।
আনার হত্যা মামলার তদন্ত বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘মাননীয় সংসদ সদস্য নিখোঁজ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ভারতে। তাই হত্যা মামলাটিও ভারতে হয়েছে। যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তারা বিষয়টি তদন্ত করবে। ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা যদি আমাদের সম্পৃক্ত করে, তাহলে সেখানে আমরা গিয়ে সম্পৃক্ত হব।’
যুক্তরাষ্ট্র ও নেপালের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি নেই। সে ক্ষেত্রে শাহীন ও সিয়ামকে ফেরাতে জটিলতা রয়েছে। এবিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র ও নেপালের বন্দী বিনিময় চুক্তি রয়েছে। ভারত সরকার তাদের (যুক্তরাষ্ট্র ও নেপাল) কাছে আবেদন করবে। যেহেতু ঘটনা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম। যারা অপরাধী, যারাই এই খুন করেছে কিংবা যারা সহযোগিতা করেছে, তাদেরকে আইন অনুযায়ী বিচার করা হবে।








