মারা গেছেন সাবেক তারকা ফুটবলার দস্তগীর হোসেন নীরা। ৩ জানুয়ারি সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি খুলনা সিটি মেডিকেল হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে।
দস্তগীর হোসেন নীরা ১৯৮৪ সালে প্রথমবার ঢাকা ফার্স্ট ডিভিশন লিগে খেলেছিলেন। এরপর আদমজী, ব্রাদার্স ইউনিয়নে খেলেন। ১৯৯১-৯২ মৌসুমে আবাহনী ক্রীড়া চক্রের হয়ে খেলেন। পরের বছর ধানমন্ডি ক্লাবে একবছর খেলে যোগ দেন মোহামেডান স্পোর্টি ক্লাবে। ‘৯০ দশকে জাতীয় দলের হয়ে খেলেছেন। ‘৮৯ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট গোল্ডকাপ টুর্নামেন্টে সবুজ দলের অন্যতম ফুটবলার ছিলেন। খেলোয়াড়ি জীবনে আদমজী ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। অবসরের পর তিনি মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে কোচের দায়িত্ব সামলেছেন।
ব্যক্তিগত জীবনে সাদাসিধে এক স্নিগ্ধ ও পরিপাটি মানুষ ছিলেন নীরা। খুলনা থাকতেন বেশিরভাগ সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত নিজেকে ফুটবলের সাথে সম্পৃক্ত রেখেছিলেন। নীরবে-নিভৃতে দেশের ফুটবল উন্নয়নে কাজ করেছেন।
খুলনা জেলা ফুটবল দলের কোচের দায়িত্ব সামলেছিলেন তিনি। নীরার মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছ। অনেকেই স্মৃতিচারণ করছেন। আশির দশকে ভিক্টোরিয়া ক্লাবে তার সতীর্থ ছিলেন মাসুক সাথী। তার সাথে সবসময় যোগাযোগ ছিল। সাথী জানালেন, শনিবার সকালেও নীরার সাথে কথা হয়েছিল। রোববার সকালে সাবেক আরেক ফুটবলার নীরার চলে যাওয়ার দুঃসংবাদটি জানান।








