ঘূর্ণিঝড় মোখা মোকাবিলা ও টেলিযোগাযোগ সংক্রান্ত সেবার তথ্য জানাতে বিটিআরসিতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুম থেকে টেলিযোগাযোগ নেটওয়ার্ক সংক্রান্ত সেবা পাওয়া যাবে। কন্ট্রোল রুমের নম্বর: ০১৫৫২২০২৮৫৪ ও ০১৫৫২২০২৮৮৬।
শনিবার ১৩ মে বিটিআরসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিটিআরসি থেকে ইতোমধ্যে বিটিএসগুলোতে পর্যাপ্ত ব্যাকআপ, জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও আইসটি বিভাগের অধীন এটুআই এর পক্ষ থেকে জরুরী সেবার ৩৩৩ হেল্পলাইন বিশেষ সেবা ডেস্ক চালুর কথাও বলা হয়েছে।
টেলিযোগোযোগ সেবাদাতাদের আগেই পর্যাপ্ত বিদ্যুত ব্যাকআপ সুবিধা প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ অধীনস্থ সকল সংস্থা সমূহকে ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
বিটিআরসি থেকেও সংশ্লিষ্ট সকল লাইসেন্সি সমূহকে এ বিষয়ে পদক্ষেপের নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বিটিআরসিতে এ সংক্রান্ত একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিটিআরসি।
বিটিআরসির কন্ট্রোল রুম মূলত বিটিআরসিতে গঠিত মনিটরিং টিম এবং মোখা মোকাবিলায় উপকূলী এলাকায় কার্যরত লাইসেন্সিসমূহ কিভাবে কাজ করছে তার মধ্যে সমন্বয় সাধন করছে।
এছাড়া মোবাইল অপারেটর, এনটিটিএন, আইএসপি এবং সংশ্লিষ্ট অনান্য লাইসেন্সি উপকূলীয় এলাকায় কার্যক্রম গ্রহণে যেকোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে তা ও কন্ট্রোল রুমকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।







