আন্তর্জাতিক

হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রিতে উঠে আগুন

হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রিতে উঠে আগুন

ছবি: সংগৃহীত

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। নষ্ট হয়ে যায় বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার। কয়েকটি সুপারমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

সোমবার (১২ অক্টোবর) ফ্রান্সের বড় কয়েকটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এ সাইবার হামলার কথা নিশ্চিত করে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইন্টারমার্শে ও তাদের নেট্টো ব্র্যান্ডের অন্তত ৩০০টি দোকান হামলার লক্ষ্যবস্তু হয়। এ ছাড়া কো-অপারেটিভ ইউয়ের ১০০টির বেশি এবং ক্যারিফোরের ৮০টি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। মোনোপ্রির প্রায় ৪৯০টি দোকানের ৫ শতাংশও হামলার শিকার হয়েছে। ই লেক্লেরক জানিয়েছে, তাদেরও বেশ কয়েকটি দোকান লক্ষ্যবস্তু হয়েছে।

প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন বড় খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের সংযুক্ত রেফ্রিজারেশন ব্যবস্থায় এ হামলা চালানো হয়। এতে বিপুল পরিমাণ খাবার নষ্ট হওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটে।

ইন্টারমার্শের প্রধান নির্বাহী থিয়েরি কোটিয়ার্ড ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে বলেন, এক দিনেই এ হামলায় দেশজুড়ে কয়েক কোটি ইউরো ক্ষতি হতে পারে। হ্যাকাররা দূর থেকে ফ্রিজের স্বয়ংক্রিয় বরফ গলানোর ব্যবস্থা চালু করে দেয়। এতে তাপমাত্রা বেড়ে তাজা ও হিমায়িত পণ্যের মজুত নষ্ট হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোকে এসব পণ্য ফেলে দিতে হবে।

কো-অপারেটিভ ইউয়ের প্রধান নির্বাহী ডমিনিক শেলশে বলেন, রোববার রাত থেকে তাঁদের প্রতিষ্ঠানের শীতলীকরণব্যবস্থায় বিঘ্ন ঘটছে। তাজা খাবার সংরক্ষণ ও খাদ্য সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত গুরুতর ও নজিরবিহীন ঘটনা।

ঘটনার তদন্তে ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়া লেকর্নু। ফরাসি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানায়, অন্য দেশেও এ ধরনের হামলার প্রভাব পড়েছে কি না, তা খতিয়ে দেখতে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করছে ফ্রান্স। দেশটির অন্যান্য প্রতিষ্ঠানও ঝুঁকিতে রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে ডেনমার্কের প্রযুক্তি প্রতিষ্ঠান ড্যানফসের সরবরাহ করা একটি সফটওয়্যারে দুর্বলতা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। ড্যানফস বলেছে, ফ্রান্সে তাদের কিছু রেফ্রিজারেশন ব্যবস্থায় সমস্যার বিষয়ে তারা অবগত। আক্রান্ত যন্ত্রগুলোতে পুরোনো ফার্মওয়্যার ব্যবহার করা হচ্ছিল। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গ্রাহকদের সফটওয়্যার হালনাগাদ এবং পুরোনো যন্ত্র প্রতিস্থাপনের পরামর্শ দিয়ে আসছে।

গত ৯ আগস্ট সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্ল্যারোটি ড্যানফসের ব্যবস্থায় এমন কিছু দুর্বলতা নিয়ে গবেষণা প্রকাশ করে, যার মাধ্যমে হামলাকারীরা পরিচয় যাচাইয়ের নিরাপত্তা এড়িয়ে যেতে পারে।

সাইবার হুমকি বিশ্লেষক ফেলিক্স আইমে রয়টার্সকে বলেন, স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামেও এ হামলার প্রভাব পড়েছে। এর আগে আগস্টের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রায় এক ডজন সামরিক বিক্রয়কেন্দ্রের শীতলীকরণব্যবস্থায় বিঘ্ন ঘটেছিল। সেখানেও বিপুল পরিমাণ খাবার নষ্ট হয়।

ফ্রান্সের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন এফসিডি ড্যানফসের কাছে ঘটনার বিষয়ে পূর্ণ স্বচ্ছতা দাবি করেছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কিছু দোকানে কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দেশজুড়ে এ হামলায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

বিষয়:শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণব্যবস্থা সাইবার হামলা সুপারমার্কেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…