অভিনেত্রী রিশতা লাবনী সীমানার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চ্যানেল আই অনলাইনকে অভিনেত্রী সীমানার সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানিয়ে এমন তথ্যই জানান অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
অবস্থা ক্রমশ সংকটাপন্ন হওয়ায় বুধবার (২৯ মে) অভিনেত্রীকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানেই চলছে তার চিকিৎসা।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি বলেন, আমরা চিকিৎসকদের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাইনি। যা শুনেছি তাতে নিরাশই হতে হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের পর সীমানার কিডনি ফল করেছে, অক্সিজেনসহ নানাবিদ ঝামেলা যুক্ত হচ্ছে।
অভিনেত্রী সীমানা পরিবারের সাথে ঢাকাতেই বাস করেন। চিকিৎসা বিষয়ে তার দেখভাল করছেন অভিনেত্রীর বাবা। ছোট ভাই থাকেন যুক্তরাষ্ট্রে, বর্তমানে তিনিও দেশে চলে এসেছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ২০ মে থেকে হাসপাতালে ভর্তি হন সীমানা। বোনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে তার ভাই এজাজ বিন আলী জানান, শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন।
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন সীমানা। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন। দেখা গেছে তৌকীর আহমেদ পরিচালিত বহুল প্রশংসিত ছবি ‘দারুচিনি দ্বীপ’ এর মতো সিনেমাতেও।
তবে মাঝে ২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে গত বছর কাজে ফিরেছিলেন বলে জানা যায়।







