রায়ো ভায়েকানোর বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে প্রথমার্ধের পর রোনালদোকে তুলে নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ক্ষোভে ম্যাচের মাঝেই মাঠ ছেড়ে যান সিআর সেভেন, কাউকে কিছু না বলেই। যা নিয়ে বেজায় চটেছেন ইউনাইটেড কোচ। প্রিমিয়ার লিগের শুরুটা রোনালদোকে বেঞ্চে বসেই করতে হতে পারে, ইঙ্গিত দিয়েছেন সেটিরও।
চ্যাম্পিয়ন্স লিগ, চ্যাম্পিয়ন্স লিগ করে গোটা দলবদল মৌসুম পার করেছেন রোনালদো। এ মৌসুমে সেই চ্যাম্পিয়ন্স লিগে আর খেলা হচ্ছে না তার। থেকে গেছেন ইউরোপায় খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডেই। কিন্তু প্রাক-মৌসুম প্রস্তুতির সময়টা তো রোনালদো ছিলেন অনুপস্থিত, ছিলেন পারিবারিক কারণে ছুটিতে। তাকে অবশ্য যথেষ্ট সময়ও দিয়েছিলেন নতুন কোচ টেন হাগ। সেটি কাজে লাগাতে পারেননি মহাতারকা। আর কোনো ক্লাবই যে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর প্রতি আগ্রহ দেখায়নি।
রোনালদোকে তাই ফিরতে হয়েছে রেড ডেভিল ক্যাম্পেই। ততদিনে প্রাক-মৌসুম পর্ব-প্রস্তুতি প্রায় শেষের ধাপে। ফিরে আবার বিতর্কেও জড়িয়েছেন ৩৭ বর্ষী পর্তুগিজ। ভায়েকানোর বিপক্ষে প্রথমার্ধের পর মাঠ ছাড়ার ওই কাণ্ড ঘটিয়েছেন। সেটা ঘিরেই এখন শিরোনামে তিনি। এরিক টেন যে রোনালদোর এমন আচরণ একেবারেই প্রত্যাশা করেননি, ম্যাচ শেষে বলেছেনও।
‘আমি অবশ্যই এটা মেনে নেবো না। এটা অগ্রহণযোগ্য। সকলকে নিয়েই আমরা একটি দল। আপনাকে অবশ্যই ম্যাচ শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।’
রোববার ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নামবে ইউনাইটেড। সেই ম্যাচে রোনালদো সুযোগ পাবেন না বলেই খবর! আপতত রোনালদোকে পরিকল্পনা থেকে সরিয়ে রাখছেন এরিক টেনও। জাডেন সানচো, অ্যান্থনি মার্শাল ও মার্কাস র্যাশফোর্ডকে নিয়ে আক্রমণের ছক কষছেন ডাচম্যান।








