আদালত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাম্পুরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে। কারাগারে থাকা রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে দেওয়া হয়েছে ২০ বছরের কারাদণ্ডাদেশ।

রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১ টায় বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। প্রথমে পর্যবেক্ষণ দেন আদালত। পরে ৫ আসামিকে কি সাজা দেওয়া হলো সে সিদ্ধান্ত জানান আদালত।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। ২০২৪ সালের ১৯ জুলাই বনশ্রী এলাকায় মো. নাদিম হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। একই দিন বনশ্রী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে গুরুতর আহত করা এবং একই এলাকায় শিশু মুসার মাথা ভেদ করে গুলি করা, সেই গুলিতেই দাদি মায়া ইসলামকে হত্যা করা। এই মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পলাতক চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান যাকে চানখাঁরপুলের মামলায় মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এই মামলাসহ মোট পাঁচটি মামলার রায় দেওয়া হয়েছে।

বিষয়:মানবতাবিরোধী অপরাধের মামলা হাবিবুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…